logo

রাজধানীতে ‘ফোর স্টার গ্রুপের’ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ ভাই

রাজধানীতে ‘ফোর স্টার গ্রুপের’ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ ভাই
গ্রেপ্তার তিন সহোদর। ছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত একটি অপরাধী গোষ্ঠীর সদস্যদের আত্মীয় এবং তাদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন।

ওসি হাফিজ বলেন, গ্রেপ্তার মেহেদী হাসান ওরফে জয় মিরপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল এবং ফুটপাত নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত।

এ ছাড়া কিশোর গ্যাং পরিচালনা ও আর্থিক লেনদেনের সঙ্গেও জয়ের সম্পৃক্ততা রয়েছে।

তিনি বলেন, মেহেদীর মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো।

গ্রেপ্তার সানজিম হাসানের বিরুদ্ধেও সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব কাজে লাগিয়ে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

ওসি হাফিজ বলেন, গ্রেপ্তার তিনজন পরস্পর সহোদর। তারা সাভারের নামা গেন্ডা এলাকার আমির হোসেনের ও নাসিমা বেগম দম্পতির ছেলে। সেই সাথে শীর্ষ সন্ত্রাসী মামুন, মশিউর ও জামিলের ভাগনে। বর্তমানে রাজধানীর পল্লবী থানার কালশী এলাকার ৫০ নম্বর বাসার ‘ধ’ ব্লক থাকেন।

তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। মামলাটি গত ৩ সেপ্টেম্বর হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে।