logo

রাজধানীতে আওয়ামী লীগ-যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ-যুবলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
তুরাগ এলাকা থেকে আটক ৩ ব্যক্তি। ছবি: পুলিশ সূত্রে

রাজধানীতে আলাদা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তুরাগে আওয়ামী লীগের তিন সদস্য এবং খিলগাঁওয়ে যুবলীগের সাবেক এক ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) রাতে তুরাগের প্রত্যাশা ব্রিজ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ সদস্যকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিতুল হাসান (১৯)। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল মিছিলের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।

অন্যদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে খিলগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন মো. মামুন ওরফে শুক্কুর (৪৫)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের খিলগাঁও ২ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ডিসি আকতার হোসেন।