পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেটের জৈন্তাপুরে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, আসামি ছিনতাই ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ৯ নভেম্বর সন্ধ্যায় জৈন্তাপুরের হরিপুর এলাকার করিচের পুলসংলগ্ন এলাকা থেকে আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার পথে হরিপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে তারা গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায়।
ছিনিয়ে নেওয়া ওই আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
