খুলনায় চাঁদার দাবিতে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ, যৌথবাহিনী মোতায়েনের দাবি

হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুলনা নগরীতে চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দিলে হামলা ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের দ্রুত জামিনে মুক্তি, পুলিশের তৎপরতা এবং অপরাধ দমনে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। সমাবেশ থেকে প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দেন তারা।
এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্মারকলিপি দেওয়ার পর পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন। তাদের দাবি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসেছে। অথচ খবর পাওয়ার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশের সেখানে পৌঁছানোর কথা। পুলিশের এই বিলম্বের কারণ কী এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, নগরীর বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনার প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।
সমাবেশে জাতীয়তাবাদী চিকিৎসকদের একজন বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়। এ অবস্থান তুলে ধরে তারা বলেন, ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’। নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এসব ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও দাবি করেন বক্তারা।
বক্তারা জানান, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খুলনার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তারা আরও বলেন, গত কয়েক মাসে প্রায় অর্ধশত মানুষ হত্যার শিকার হয়েছেন। সমাবেশে এমন দাবি করা হয়। তাদের অভিযোগ, সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের কারণে খুলনার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা অব্যাহত থাকলে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। হামলা ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ ও নির্বাহী প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে অভিযোগ করা হয়, বেসরকারি ক্লিনিকের মালিক ও অনেক চিকিৎসক চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। তাদের সম্মিলিত আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নগরীতে চাঁদাবাজির অভিযোগে একের পর এক ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। পিটিআই মোড়ের চয়নিকা ফার্মেসির পর এবার বন্ধ হয়েছে রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসি। চাঁদা দাবির প্রতিবাদে সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড় এলাকার ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে জরুরি ওষুধ কিনতে এসে দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা।
মল্লিক ব্রাদার্স ফার্মেসির মালিকের ছোট ভাই মোস্তফা আলী বলেন, সোমবার দুটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন তাদের দোকানে এসে খারাপ ব্যবহার করেন। তারা বলেন, আগে টাকা চাওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। টাকা না দিলে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তারা জেনেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। নগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রোববার রাতে বিষয়টি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে ফাঁড়ির ইনচার্জ সেখানে যান। প্রাথমিকভাবে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্যরা ফার্মেসিতে চাঁদা দাবি করেছেন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না।
খুলনায় সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. সুজাত আহমেদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভাঙচুরের শিকার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের কাছে আবারও চাঁদা দাবি করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ডা. সুজাত আহমেদ জানান, গত রোববার রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ‘বি কোম্পানি’ পরিচয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় একটি ব্যাংক হিসাব নম্বরও দেওয়া হয়। চাঁদা দাবির সময় তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ভয়ে অপরিচিত কারও ফোন ধরছেন না। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগও দেননি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ৭ নভেম্বর দুপুরে নগরীর খানজাহান আলী সড়কের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রতিষ্ঠানটির ম্যানেজার জাহিদ বলেন, গত রবিবার কয়েক দফায় তাদের কাছে চাঁদা দাবি করা হয়। প্রথমে ৩০ লাখ, পরে ২০ লাখ এবং সর্বশেষ ১০ লাখ টাকা চাওয়া হয়। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই জানালে রাত ১১টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নূর আজিম পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
জাহিদ আরও বলেন, হুমকির পর কর্তৃপক্ষ রাত ১১টার আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। সোমবার দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। সকালে গণমাধ্যমকর্মীরা প্রতিষ্ঠানটির সামনে থেকে সরাসরি সম্প্রচার শুরু করলে নূর আজিম পরিচয়ে ফোন করে প্রতিষ্ঠানটি খুলতে বলা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান না খুললে হত্যার হুমকি এবং তার নাম প্রকাশ করলে গুলি চালানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন জাহিদ।
পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুপুর ১টার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম আবার চালু করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ফোনে কথা হওয়ার পর তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বলা হয়েছে। পরে তারা প্রতিষ্ঠানটি চালু করেছেন।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এশিয়া পোস্টকে বলেন, নগরী বর্তমানে সংকটকাল অতিক্রম করছে। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ব্যবসায়ীদের ওপর চড়াও হয়েছে। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্যবসাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার এমনকি টাকা তোলার ব্যাংক বুথেও হামলা হচ্ছে। এতে নগরীতে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, ড. ইউনূসের সরকার গঠনের পর থেকে নগরীতে মাদকের ব্যাপক প্রসার ঘটেছে বলে তাদের ধারণা। মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এতে অনেক মানুষ হত্যার শিকার হয়েছেন। যারা প্রতিবাদ জানিয়েছেন, তাদেরও হত্যা করা হয়েছে। তার দাবি, সন্ত্রাসী গ্রুপের হাতে বিএনপির পাঁচ কর্মী নিহত হয়েছেন।
প্রশাসক বলেন, নগরীর ব্যবসায়ী, চিকিৎসক, ক্লিনিক ও রেস্তোরাঁর মালিক, এমনকি ওষুধের দোকানিরাও চাঁদাবাজির শিকার হচ্ছেন। অনেকে তার কাছে এসে অসহায়ত্বের কথা জানিয়েছেন। কেউ কেউ কান্নাকাটিও করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) খুলনার চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, নগরীর ১২ লাখ মানুষকে পাঁচ থেকে সাতটি গ্রুপ জিম্মি করে রেখেছে। টাকা না পেলে বোমা হামলা চালানো হচ্ছে। সোমবার নিরালায় বোমা হামলার ঘটনা ঘটেছে। দুটি এনজিওর প্রতিনিধিরা তার কাছে এসে কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ জানিয়েছেন। ব্র্যাকের কর্মকর্তারাও চাঁদাবাজির হুমকির কথা জানিয়েছেন। বিভিন্ন নির্বাহী প্রকৌশলী ও দপ্তরের কর্মকর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এসব বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে যৌথবাহিনী মোতায়েন করতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে বিভিন্ন দেশে সেনাবাহিনী মোতায়েনের উদাহরণ রয়েছে। মানুষের জীবন বাঁচাতে খুলনাতেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, খুলনার সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। প্রতিদিনই অভিযোগ আসছে। ওষুধ ব্যবসায়ীরা ধর্মঘট করেছেন, ক্লিনিক মালিক সমিতি মানববন্ধন করেছে। হীরাঝিল মার্কেটের ওষুধ ব্যবসায়ীরাও কর্মসূচি নিয়েছেন। এখন আর বসে থাকার সময় নেই। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রশাসক বলেন, ছোটখাটো সন্ত্রাসীদের পেছনে না ছুটে বড় সন্ত্রাসীদের ধরতে হবে। প্রয়োজন হলে কারফিউ দিতে হবে। নিরাপদ শহর গড়তে সরকারকে আরও কঠোর হতে হবে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশকে নিয়ে যৌথবাহিনী গঠন করা যেতে পারে।
নগরীর সদর ও সোনাডাঙ্গা এলাকার ব্যবসায়ীদের কাছে নূর আজিমের নামে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগ উঠেছে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকাতেও। এসব এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে হুমা গ্রুপ, টেংকি শাওন গ্রুপ, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ ও নাসিম গ্রুপ জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার পেছনে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জামিনে মুক্তি পাওয়াকে একটি কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নগরীর পিটিআই মোড়ের অ্যাপোলো ডায়াগনস্টিকে হামলার ঘটনায় অভিযুক্ত হৃদয় নামে এক যুবককে গত সেপ্টেম্বর মাসে অস্ত্র মামলায় গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। ২৬ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান। এরপর আবারও একই ধরনের অপরাধে জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী শেখ ফাকাব্বির সীন গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার হন। ছয় মাসের মাথায় সিএমএম আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। আরেক শীর্ষ সন্ত্রাসী মো. বিসমিল্লাহ ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয়ে জুনে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। তাদের বিরুদ্ধে বি কোম্পানির সহযোগী হিসেবে আবারও অপরাধে জড়ানোর অভিযোগ রয়েছে। নগরীর সদর থানা এলাকায় সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় বিসমিল্লাহ ও সীনের নাম উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নূর আজিমকে ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, খুন ও মাদক আইনে ১০টি মামলা ছিল। পরে সব মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান বলে তথ্য পাওয়া গেছে। এরপর থেকে তার বিরুদ্ধে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে।
হুমা বাহিনীর প্রধান হুমা ২০২৪ সালের নভেম্বরে গ্রেপ্তার হন। ২০২৫ সালের মে মাসে তিনি কারাগার থেকে মুক্তি পান। শামীম ওরফে টুটা শামীম ২০২৫ সালের এপ্রিলে গ্রেপ্তার হয়ে জুনে মুক্তি পান। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া দ্রুত জামিনে মুক্তি পাওয়া অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় কাউয়া মিরাজ, বস মিজান, জিকো খান, পা কাটা আজিজুল, চুলকানি রাসেল, কালা তুহিন, রিপন, রব্বানী, পালসার সোহেল, বিল্লু, ওয়াজিব, ইয়াসিন, পুটি আব্বাস, নয়ন, আসলাম ও পেস্টিং মামুনের নাম রয়েছে।
কেএমপির তালিকাভুক্ত ১২৮ জন সন্ত্রাসীর বিষয়ে খুলনা জিআরও অফিসে তথ্য নেওয়া হয়। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৭৩ জন সন্ত্রাসী ছয় মাস থেকে এক বছরের মধ্যে জামিন পেয়েছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যার মতো একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সদর থানার সাবেক ওসি শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পরিচালিত অভিযানগুলোর মধ্যে পলাশ ও তার বাহিনীকে গ্রেপ্তার করা ছিল উল্লেখযোগ্য। ওই অভিযানে তিনি নেতৃত্ব দেন। একসঙ্গে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অধিকাংশই জামিনে মুক্ত হয়েছেন। অথচ তাদের বিরুদ্ধে একাধিক মামলা ছিল।
কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) সুদর্শন কুমার রায় বলেন, আদালত যোগ্য মনে করলে আসামিদের জামিন দেবেন। এটি বিচারকের এখতিয়ার। তবে এসব আসামিকে গ্রেপ্তার করতে পুলিশকে অনেক পরিশ্রম করতে হয়।
এ বিষয়ে মহানগর দায়রা আদালতের পিপি এ কে এম শহিদুল আলম ও জেলা পিপি মো. তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, যাদের সরাসরি হত্যা মামলায় নাম রয়েছে, তারা এখান থেকে জামিন পান না। তারা হাইকোর্টে গিয়ে জামিনে মুক্ত হন। পুলিশের এজাহার লেখার ক্ষেত্রেও সমস্যা রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ না থাকায় আসামিরা দ্রুত জামিন পেয়ে যান বলে তাদের দাবি।
অপরাধের বিস্তার ঠেকাতে পুলিশের তৎপরতা নিয়েও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হচ্ছেন না। কোনো কোনো ঘটনায় মামলা হলেও তদন্তে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। অপরাধীদের নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।
সম্প্রতি একটি হাসপাতালে হামলা চালায় নূর আজিম বাহিনীর সদস্যরা। চাঁদা দাবির বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলার একপর্যায়ে নূর আজিম বলেন, পুলিশের কাছে গিয়ে লাভ নেই। থানা পর্যায়ে টাকা দেওয়া হয় বলে পুলিশ এক পাশ দিয়ে ধরলেও অন্য পাশ দিয়ে বের হয়ে আসে এমন অভিযোগ করেন তিনি।
ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় বড় আসামিদের গ্রেপ্তার করতে না পারার পেছনে পুলিশের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, আগে নগরীর অলিগলিতে টহল পুলিশের গাড়ি দেখা গেলেও বর্তমানে টহল কমে গেছে।
এখন পর্যন্ত যেসব প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়েছে, সেগুলোর কোনো ঘটনারই সুরাহা করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেন বলেন, পুলিশকে জানানো হলেও আপাতত প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। নগরীর চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবু বলেন, পুলিশ তাদের সেভাবে সহযোগিতা করতে পারেনি। ফলে দোকান বন্ধ করে দিতে হয়েছে।
সদর থানার ওসি লোকমান হোসেনের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের অভিযোগ, এর আগে থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার নেই। একইভাবে ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউল ইসলামের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, কোনো সন্ত্রাসী হামলার ঘটনাস্থলে তাকে উপস্থিত পাওয়া যায়নি।
এসব অভিযোগের বিষয়ে কেএমপির পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে। অপরাধ দমনে রাষ্ট্রের সব অঙ্গ একযোগে কাজ না করলে তা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রয়েছে। তাদের এগিয়ে আসতে হবে। ভুক্তভোগীরাও তথ্য ও অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন। ফলে অপরাধীরা ছাড় পেয়ে যান।

