logo

খুলনা/‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ স্লোগানে প্রশাসনকে চিকিৎসকদের আলটিমেটাম

‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ স্লোগানে প্রশাসনকে চিকিৎসকদের আলটিমেটাম
৭ দিনের আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: এশিয়া পোস্ট

হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন খুলনার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ স্লোগানকে সামনে রেখে চিকিৎসকেরা হুঁশিয়ারি দিয়েছেন যে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ করে দেবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার মিলনায়তনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ‘সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে’ জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। কোনো কোনো ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসেছে। অথচ খবর পাওয়ার পর সাধারণত ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশের ঘটনাস্থলে পৌঁছানোর কথা। পুলিশের এই বিলম্বের কারণ কী, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদেই তাঁরা রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে পারেন না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা চিকিৎসাসেবা দেবেন। অন্যথায় চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। এ সময় তারা ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে চাঁদা দাবি করা হচ্ছে। দাবি পূরণ না করলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তারা।

তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খুলনার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, একসময় খুলনা শান্তির শহর হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনায় সেই পরিবেশ নষ্ট হচ্ছে। গত কয়েক মাসে প্রায় অর্ধশত মানুষ হত্যার শিকার হয়েছেন বলেও সমাবেশে দাবি করা হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা অব্যাহত থাকলে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই হামলা ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ ও নির্বাহী প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, বেসরকারি ক্লিনিক মালিক ও চিকিৎসকদের অনেকে চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। তাঁদেরও সম্মিলিত আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।