logo

ভাটারায় বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাটারায় বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ডয়েচে ভেলে

রাজধানীর ভাটারা থানার হাইস্কুল বড়বাড়ি এলাকার একটি বাসা থেকে সাবিনা ইয়াসমিন (৪২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় পোশাকশ্রমিক ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিলকিস আক্তার জানান, রোববার রাত ১১টার দিকে খবর পেয়ে ভাটারা থানার হাইস্কুল বড়বাড়ি এলাকার একটি বাসায় গিয়ে দরজা ভেঙে সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের কাছ থেকে জানা গেছে পারিবারিক কলহের জেরে সাবিনা নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহত সাবিনার আগের ঘরের মেয়ে উর্মি জানান, তার মায়ের প্রথম স্বামী ছিলেন বেলাল হোসেন। তাদের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর সাবিনা দ্বিতীয় স্বামী রেজাউল করিমের সঙ্গে ঢাকার বাসায় বসবাস করছিলেন। প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক মেয়ে রয়েছে।

উর্মি আরও জানান, সাবিনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ছাতুগাঁও এলাকায়। তিনি আনসার উদ্দিনের মেয়ে। বর্তমানে ভাটারার ছোলমাঈদ হাইস্কুল বড়বাড়ি এলাকায় বসবাস করছিলেন।