logo

রামিসা হত্যার বিচার দাবিতে লালমাটিয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

রামিসা হত্যার বিচার দাবিতে লালমাটিয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন
রামিসা হত্যার বিচার দাবিতে লালমাটিয়ায় মানববন্ধন করেছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমাটিয়ার এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় রাজধানীর লালমাটিয়ার গার্লস ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। এ সময় তারা ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং ‘জাস্টিস ফর রামিসা’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি, সম্প্রতি চট্টগ্রাম ও আখাউড়াতেও শিশুরা ধর্ষণের শিকার হয়েছে। দেশের সর্বস্তরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।’

তারা বলেন, ‘আমরা যারা সন্তানের অভিভাবক রয়েছি, তারা এই ঘটনার পুনরাবৃত্তি দেখে আমাদের সন্তানদের ও শিক্ষার্থীদের নিয়েও ভীষণ অনিরাপদ বোধ করছি।’

শিশু রামিসার ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, অধ্যক্ষ ডালিয়া নওরীন, উপাধ্যক্ষ মাহসিনা মমতাজ মারিয়া প্রমুখ।