মালিবাগ ফ্লাইওভার থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। প্রাথমিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানার মৌচাক মোড়সংলগ্ন মালিবাগ ফ্লাইওভারের দ্বিতীয় তলার একটি পিলারের পূর্ব পাশের বিমের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৮ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাইওভারের দ্বিতীয় তলার পিলারের পাশে বিমের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। তার হাত-পা বাঁকানো অবস্থায় ছিল।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওই নারী কিছুদিন ধরে এই এলাকায় থাকতেন এবং ফ্লাইওভারের বিমের ওপর ঘুমাতেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে সবুজ রঙের জামা ও প্যান্ট ছিল।





