কড়াইলে মাদক কারবারিদের আস্তানায় অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজধানীর কড়াইল বস্তিতে মাদক কারবারিদের ভাড়া করা বসতঘরে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০টি ইয়াবা বড়ি, ছয় কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় অভিযুক্ত আরও দুজন পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এ তথ্য জানান।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির জামাইবাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
উপপরিচালক রাজিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জামাইবাজারের ইউনিট-১, ব্লক-কে মুক্তারের পানির ট্যাংকির গলিতে মান্নান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটির দ্বিতীয় তলার একটি ভাড়া করা কক্ষে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০টি ইয়াবা বড়ি, ছয় কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মো. ইব্রাহিম খলিল (২৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। কক্ষটি ইব্রাহিম খলিল, মো. সুজন মিয়া ও শহীদ মিলে ভাড়া নিয়েছিলেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, একই এলাকায় পৃথক অভিযানে সুজন মিয়া ও শহীদের মাদক ব্যবসার ক্যাশিয়ার হিসেবে কাজ করা রমজান আলী (৩০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। দুই অভিযানে মোট ২ হাজার ৬০০টি ইয়াবা বড়ি, ছয় কেজি গাঁজা, ১ লাখ ৮৮ হাজার টাকা ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়।
ডিএনসি কর্মকর্তার দাবি, পলাতক সুজন মিয়া (৪১) ও শহীদ (৩৭) কড়াইল বস্তির বিভিন্ন মাদক বিক্রির স্পট নিয়ন্ত্রণ করে গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করতেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী বনানী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। ডিএনসির গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন ও উপপরিদর্শক মো. আবির হাসান মামলা দুটির বাদী।
ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাজধানীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

