শাহবাগে ভবঘুরের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সংলগ্ন চৌরাস্তা মোড় থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল জানান, বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক পথচারীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই ব্যক্তিকে অসুস্থ ও অচেতন অবস্থায় পাওয়া যায়। বিকেল ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তি ভবঘুরে ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


