logo
Advertisement

শাহজালালে ১৭ লাখ টাকার সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালালে ১৭ লাখ টাকার সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ
১৭ লাখ টাকার সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ। ছবি: জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে পাওয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই, মালয়েশিয়া ও চীনের গুয়াংজু থেকে আসা যাত্রীদের ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ ও ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক পণ্যের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের জনযোগাযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আগত সন্দেহভাজন যাত্রীদের ওপর নজরদারি চালান।

পরবর্তীতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের EK584 ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।

একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার AK71 ফ্লাইটের যাত্রী শেপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ আটক করা হয়।

এ ছাড়া চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের BS326 ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৪৪টি মোবাইল ডিসপ্লে আটক করা হয়। এর মধ্যে যাত্রী কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি এবং শামীমা আক্তারের কাছ থেকে ৪৬টি মোবাইল ডিসপ্লে পাওয়া যায় বলেও আল-আমিন জানান।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, পৃথক তিন ঘটনায় আটক পণ্যগুলোর মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

বিভিন্ন আন্তর্জাতিক রুটে একই দিনে এসব পণ্য আটকের ঘটনায় চোরাচালানের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের কেউ সংঘবদ্ধ চক্রের বাহক হিসেবে ব্যবহৃত হচ্ছেন কি না, তা-ও তদন্ত করে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।