logo
Advertisement

বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পিটিয়ে হত্যার প্রতীকী ছবি

তেজগাঁওয়ের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ওই যুবক দেয়াল টপকে ভেতরে ঢুকলে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধরেন। পরে বেধে মারধর করার পর তিনি অচেতন হয়ে যান। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা আনসারের সাবেক প্লাটুন কমান্ডার সৈকত আলী জানান, সকালে চুরির উদ্দেশ্যে কয়েকজন যুবক দেয়াল টপকে ভেতরে ঢোকে। ধাওয়া দিলে ওই যুবক এক আনসার সদস্যকে লাঠি দিয়ে আঘাত করেন। সঙ্গীরা পালিয়ে গেলেও তিনি ধরা পড়েন। পরে তাকে ক্যাম্পে নিয়ে বেধে মারধর করলে অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।