গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসেবনরত অবস্থায় গ্রেপ্তার ১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানাধীন কড়াইপট্রি, মুন্সিরটেক, দয়াগঞ্জ রেলক্রসিং এলাকায় ১২ জন এবং জুরাইন জুলহাসের স্পট, কানা জব্বারের স্পটে অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী সচিব মিল্টন বিশ্বাস ও ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এবং মেজর ফারহান মাহমুদ মুকতাদা এর নেতৃত্বে গঠিত এসআরবি-১০ টিমের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারকৃত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
