রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে তেজগাঁও বিভাগে ২০ জন এবং মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। তেজগাঁও বিভাগে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ ও মহিলা আওয়ামী লীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আদাবর থানা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরদার, মহিলা আওয়ামী লীগের সদস্য শিউলী, স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াজ, ছাত্রলীগের কর্মী তানিন ভূঁইয়া এবং সমর্থক জাকির হোসেন।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মীরজাদি আফরোজা, তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইউনিটের সহসভাপতি জলিল উদ্দিন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহসিন আকন্দ, কাশিয়ানী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সহকারী অর্থ সম্পাদক বিল্লাল হোসেন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন। গ্রেপ্তার অন্যদের মধ্যে বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তানভীর আহমেদ রয়েছেন।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ককটেল নিক্ষেপ, নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন এবং এসব কর্মকাণ্ডে অর্থ ও অন্যান্য সহযোগিতা দেওয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে বুধবার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী সাজেদ হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাব্বির আহমেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন বাবন, লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম এবং ঢাকা মহানগরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। তেজগাঁও বিভাগে গ্রেপ্তার ২০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

-77a6bf.jpg)
