তারানা হালিমের খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানকালে বাসাটিতে তার উপস্থিতি পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর এ তথ্য জানান।
তিনি বলেন, একটি তথ্যের ভিত্তিতে ওই বাসায় পুলিশ গিয়েছিল। তবে তথ্যের সত্যতা মেলেনি। এ ঘটনার সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই।
অন্যদিকে, ভবনটির দারোয়ান শরিফ মিয়া গণমাধ্যমকে জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে আসে। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম সেখানে ছিলেন না।
তারানা হালিমের বিষয়ে জানতে চাইলে দারোয়ান জানান, তিনি আগে সংসদ সদস্য ছিলেন। বর্তমানে দেশেও নেই। তার বাবাসহ পরিবারের সদস্যরা ভবনের চতুর্থতলায় থাকেন। পুলিশের দুই নারী সদস্য ওপরের তলায় গেলেও সেখান থেকে কোনো কিছু নিয়ে যাননি। বাসায় কেউ না থাকায় চালক কিছু মালপত্র নামিয়েছেন।
এদিকে গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, তারানা হালিম ওই বাসায় অবস্থান করছেন এমন সন্দেহে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গুলশানের ৩৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই বাসায় তারানা হালিমের অবস্থানের বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।





