logo

পাবনায় টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

পাবনায় টেঁটা-বল্লম নিয়ে বিএনপি ও নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি
পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষ। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। যে কোনো সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংঘর্ষ থেমে এলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Advertisement

জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়ির সামনে দুপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুপুর থেকে তা বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়াসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, টেঁটা, বল্লম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের দিকেও ইটপাটকেল ছোড়া হয়।

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি : ভিডিও থেকে নেওয়া
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি : ভিডিও থেকে নেওয়া

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর দুপক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি-সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, বর্তমানে সংঘর্ষ কিছুটা থেমেছে। সংঘর্ষের খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা থামানোর চেষ্টা করছে। আহতের সংখ্যা এখনও জানা যায়নি।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।