logo

পাবনায় নিষিদ্ধ আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

পাবনায় নিষিদ্ধ আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ
পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি : ভিডিও থেকে নেওয়া

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত চলছিল।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ চলছে।

দুপুর থেকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি : ভিডিও থেকে নেওয়া
দুপুর থেকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি : ভিডিও থেকে নেওয়া

এর আগে, দুদিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।