এনএসআই পরিচয়ে প্রতারণা, আটক

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে ঘোরাঘুরির সময় মো. সোহাগ বেপারী (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তার সঙ্গে থাকা রতন নামে এক সহযোগী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালমাটিয়ার অক্সফোর্ড স্কুলের পেছনের সড়ক থেকে সোহাগকে আটক করে পুলিশে দেওয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ ও তার সহযোগী রতন নিজেদের এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে লালমাটিয়ার ডি ব্লক এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি নজরে রাখেন। একপর্যায়ে তাদের পরিচয় জানতে চাইলে রতন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে সোহাগকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, এর আগের দিন সন্ধ্যাতেও একটি মোটরসাইকেলে করে সোহাগ ও রতন লালমাটিয়ার ডি ব্লকের মাঠে যান। সেখানে আড্ডারত কয়েকজন তরুণের কাছে নিজেদের এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ওই সময় রতনের হাতে পুলিশের একটি হ্যান্ডকাফও দেখা যায়। পরদিন একইভাবে তাদের এলাকায় আসতে দেখে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে।
আটক সোহাগের বাড়ি শরীয়তপুরের পালং থানার রায়পুর এলাকায়। তবে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, সোহাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক সহযোগী রতনকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি হালিম।




