logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

১৭ বছর স্বামীর অপেক্ষার দাবি, পিলখানার গেটে গিয়ে জানা গেল অন্য ঘটনা

১৭ বছর স্বামীর অপেক্ষার দাবি, পিলখানার গেটে গিয়ে জানা গেল অন্য ঘটনা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্য (বাঁয়ে) এবং মঙ্গলবার পিলখানার ৩ নম্বর গেট এলাকায় দেখা যাওয়া শাফি তামান্না নুপুর। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

বিডিআর বিদ্রোহে স্বামী নিহত হওয়ার পর ১৭ বছর ধরে পিলখানার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে সেখানে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বললে তিনি জানান, তার বিয়েই হয়নি। ফলে স্বামীর জন্য ১৭ বছর অপেক্ষা করার গল্পটি ভিত্তিহীন।

Advertisement

সম্প্রতি ‘মিনহাজুল ইসলাম তাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওই নারীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত এক সদস্যের স্ত্রী ১৭ বছর ধরে পিলখানার গেটে স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ভিডিওটি প্রকাশের পর এক লাখের বেশি বার দেখা হয়েছে।

ওই পোস্টে বলা হয়, বিয়ের মাত্র এক সপ্তাহ পর স্বামীর সঙ্গে কক্সবাজারে হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল ওই দম্পতির। সে অনুযায়ী ছুটির অনুমোদনও পেয়েছিলেন বিডিআর সদস্য। পরিকল্পনা ছিল, স্ত্রী লাগেজ নিয়ে পিলখানার গেটে অপেক্ষা করবেন। দায়িত্ব শেষে পোশাক পরিবর্তন করে স্বামী সেখানে এসে তাকে নিয়ে সরাসরি বাসস্ট্যান্ডে যাবেন। কিন্তু বিডিআর বিদ্রোহে স্বামীর মৃত্যু হওয়ায় তাদের সেই যাত্রা আর হয়নি। এরপর থেকেই স্বামীর শোকে স্ত্রী প্রতিদিন লাগেজ নিয়ে পিলখানার গেটে অপেক্ষা করছেন বলে পোস্টে দাবি করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিলখানায় বিজিবির ৩ নম্বর গেট এলাকায় সরেজমিনে গিয়ে ওই নারীকে দেখা যায়। তার নাম শাফি তামান্না নুপুর। তার সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৭ বছর ধরে স্বামীর অপেক্ষায় থাকার গল্পটি সত্য নয়। ওই নারী জানান, তার বিয়েই হয়নি।

ওই নারীর সঙ্গে থাকা ফাইলপত্র দেখে জানা যায়, তার গ্রামের বাড়ি ভোলা জেলার বাংলাবাজার এলাকায়। তিনি আগে গাজীপুরে থাকতেন বলে জানান। বর্তমানে পাঁচ মাস ধরে আজিমপুর কবরস্থানের পাশের ফুটপাতে অবস্থান করছেন বলেও জানান তিনি।

এদিকে পিলখানার ৩ নম্বর গেট এলাকার কয়েকজন দোকানি ও পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, গত চার-পাঁচ মাস ধরে ওই নারীকে সেখানে দেখা যাচ্ছে। তাদের কেউ কেউ মনে করেন, তিনি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। তবে এ বিষয়ে কোনো চিকিৎসাগত তথ্য পাওয়া যায়নি।

পিলখানার সামনে চায়ের দোকান চালান সোবহান মিয়া। তিনি বলেন, মেয়েটিকে প্রায় চার-পাঁচ মাস ধরে পিলখানার এই এলাকায় অবস্থান করতে দেখছি। তিনি মাঝেমধ্যে একা একা কথা বলেন, আবার কখনো গান করেন। দীর্ঘদিন ধরে তাকে এখানে এভাবে থাকতে দেখছি। তার আচরণ দেখে আমাদের মনে হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ। তবে তার প্রকৃত পরিচয় বা এখানে অবস্থানের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানি না।

সোবহান মিয়া আরও বলেন, ওই নারীকে প্রায়ই একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে তার স্বামী বা পরিবারের কোনো সদস্যকে কখনো তার সঙ্গে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পিলখানার এক কর্মকর্তা জানান, ওই নারীকে কয়েক মাস ধরে গেট এলাকায় অবস্থান করতে দেখা যাচ্ছে। তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য একাধিকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি কারও কথা শুনছেন না। গেটের সামনেই অবস্থান করছেন। ওই কর্মকর্তা দাবি করেন, নারীটি মানসিক ভারসাম্যহীন।