এবার খুলনায় চা দোকানে গুলি, অল্পের জন্য বাঁচলেন ১২ জন

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজারে একটি চায়ের দোকান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় দোকানের ভেতরে ১০ থেকে ১২ জন অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শলুয়া স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে আসা তিন মুখোশধারী দুর্বৃত্ত শলুয়া স্লুইস গেট এলাকার পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দোকানের ভেতরে কয়েকজন ক্যারম খেলছিলেন। গুলির শব্দে আতঙ্ক সৃষ্টি হয় এবং পরে দুর্বৃত্তরা সুইস গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গত ১৭ নভেম্বর একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান ও ভ্যানচালক আব্দুল খালেক গুলিবিদ্ধ হন। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় আবারও গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


