logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চাঁদাবাজির ভয়ে বন্ধ ছিল রেস্টুরেন্ট, পুলিশের আশ্বাসে খুলতেই গুলি

চাঁদাবাজির ভয়ে বন্ধ ছিল রেস্টুরেন্ট, পুলিশের আশ্বাসে খুলতেই গুলি
খুলনার দ্য পালকি রেস্টুরেন্টের সামনে পুলিশ সদস্যরা। ইনসেটে গুলির চিহ্ন। ছবি : এশিয়া পোস্ট

চাঁদাবাজির হুমকিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে বিকেলে চালু করা হয়েছিল খুলনার দ্য পালকি রেস্টুরেন্ট। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই রেস্টুরেন্টটি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। একই দিনে নগরীর আরও দুটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পৃথক এসব গুলির ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি রেস্টুরেন্টের সাইনবোর্ডে লাগে।

Advertisement

জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে নগরীর দ্য পালকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়া হয়। চাঁদাবাজির হুমকির কারণে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টটি বন্ধ ছিল। মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে এটি পুনরায় চালু করা হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে বাইরে থেকে দুর্বৃত্তরা রেস্টুরেন্টটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। চাঁদাবাজদের ভয়ে এত দিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার এটি চালু করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল।

এর আগে, একই দিন সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তির সঙ্গে সাঈদ শিকদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় লাগে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, দরজায় গুলির চিহ্ন দেখা গেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।

এরপর দুপুর ২টার দিকে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট