খুলনায় পৃথক ঘটনায় গুলি, অল্পের জন্য বাঁচলেন মৎস্য আড়ত নেতা

খুলনা নগরীতে পৃথক দুটি ঘটনায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলি ছোড়ার আগে তার সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তিও হয়। একই দিনে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে। তবে পৃথক দুটি ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন থেকে চারজন ব্যক্তি সাঈদ শিকদারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই দরজায় আঘাত করে। পরে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। দরজায় গুলির চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। সাঈদ শিকদার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের সম্পর্কে ভায়রা হন। কী কারণে বা কারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা এখনও জানা যায়নি।
এদিকে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করেও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।


