logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

অটোরিকশা থেকে বাজারে এলোপাতাড়ি গুলি, পথচারীসহ আহত ৬

অটোরিকশা থেকে বাজারে এলোপাতাড়ি গুলি, পথচারীসহ আহত ৬
চুঁরখারহাট বাজারে মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ী আহত। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশায় বসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয় জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করলেও অন্য পাঁচ জন পালিয়ে গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ জন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসেন। তাদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানেও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তারা।

গুলিবর্ষণে আহতরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে (৩৭) আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

গুলিবর্ষণের পর নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে উৎসুক মানুষের ভিড়। ছবি : এশিয়া পোস্ট কোলাজ
গুলিবর্ষণের পর নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে উৎসুক মানুষের ভিড়। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

অটোরিকশাচালক জাবেদ হোসেন জানান, নাজিরহাটের ঝংকার মোড় থেকে শোভনছড়ি যাওয়ার কথা বলে দুই ব্যক্তি তার অটোরিকশাটি ভাড়া করেন। পরে শোভনছড়ি থেকে আরও তিন জন তাদের সঙ্গে যোগ দেন। পাঁচ জনকে নিয়ে চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর অটোরিকশায় বসেই তারা গুলি ছুড়তে শুরু করেন। পরে তারা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। ওই পাঁচ জনের সবার কাছে অস্ত্র ছিল বলেও দাবি করেন চালক।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হাসান বলেন, অটোরিকশায় করে পাঁচ জন ব্যক্তি এসে বাজারের মোড়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে অন্তত ছয় জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অটোরিকশাচালককে আটক করেন। অন্যরা পালিয়ে গেছেন।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আটক ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির কাঞ্চননগরের তেমুহনী বাজারের পূর্ব পাশে দিঘিরপাড় এলাকায় নিজ দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন ব্যবসায়ী মো. আবছার উদ্দিন চৌধুরী। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট