logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

তিন মোটরসাইকেলে আসেন ৬ জন, এরপর ব্যবসায়ীকে গুলি

তিন মোটরসাইকেলে আসেন ৬ জন, এরপর ব্যবসায়ীকে গুলি
তিনটি মোটরসাইকেলে করে আসা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত গুলি ছুড়ে পালিয়ে যায়। ইনসেটে ব্যবসায়ী আবছার চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে মো. আবছার চৌধুরী নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তিনটি মোটরসাইকেলে করে আসা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তার হাত, পা ও পেটে গুলি লেগেছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে তার ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড়া এলাকার সাহাবুদ্দীন চৌধুরীর ছেলে। তিনি বাড়ির সামনে দীর্ঘদিন ধরে আসবাবপত্রের (ফার্নিচার) ব্যবসা করে আসছেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ডাবা হারুন ও গলাকাটা মোবারককে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করেছিলেন আবছার।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার চৌধুরী তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন অস্ত্রধারী সেখানে আসে। পরে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

হাসপাতালে নেওয়ার পর আবছার হামলায় জড়িত হিসেবে মো. কাদের ও মো. হারেছ নামের দুজনের নাম উল্লেখ করেন। এই দুজনও স্থানীয়ভাবে ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত। তার দাবি, ওই দুজন তাকে গুলি করে পালিয়ে গেছেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এবং অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতনামা যুবক এসে আবছারকে লক্ষ্য করে পরপর ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ওই প্রত্যক্ষদর্শীর দাবি, কয়েক মাস আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা আবছারের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছিল।

স্থানীয়ভাবে আবছার দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম জানান, আবছার চৌধুরীর হাত, পা ও পেটে গুলির আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, কয়েকজন অস্ত্রধারী আবছার নামের এক যুবকের দোকানে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আবছার পুলিশের পেশাদার সোর্স নন উল্লেখ করে ওসি বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আবছারের দেওয়া হামলাকারীদের নাম প্রসঙ্গে তিনি বলেন, কাদের ও হারেছ—দুজনই সন্ত্রাসী গলাকাটা মোবারকের অনুসারী। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।