logo

কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি
আনন্দ সুত্রধর। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

ঢাকার ধামরাইয়ে ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ওই যুবককে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

আহত আনন্দ সুত্রধর (৩০) নরসিংহপুর এলাকার বিষ্ণু সুত্রধরের ছেলে। অভিযুক্ত হিসেবে একই এলাকার শ্রীদাম সুত্রধরের (৩০) নাম জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অপর অভিযুক্তের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সম্প্রতি আনন্দের বাড়িতে ধর্মীয় কীর্তনের আয়োজন করা হয়। সেখানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে শ্রীদামের বিরোধ হয়। এ নিয়ে শনিবার বিকেলে স্থানীয়ভাবে সালিসি বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকের আগেই দুপুরে একটি মোটরসাইকেলে করে শ্রীদাম ও আরেক ব্যক্তি সেখানে আসেন। তারা আনন্দকে লক্ষ্য করে অন্তত তিনটি গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি তার থুতনিতে লাগে। অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট
ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আনন্দকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহমেদুল হক তিতাস জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার থুতনিতে দুটি গুলি লেগেছে। শরীরে গুলি প্রবেশের চিহ্ন থাকলেও বের হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। এ কারণে গুলি দুটি শরীরের ভেতরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, আনন্দ ও অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী। কীর্তনের খাবার খাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছিল। এ বিষয়ে শনিবার স্থানীয়ভাবে বৈঠক হওয়ার কথা ছিল। এর আগেই অভিযুক্ত ব্যক্তি ও আরেকজন মোটরসাইকেলে এসে গুলি করেন। স্থানীয়ভাবে তারা তিনটি গুলির তথ্য পেয়েছেন। আহত আনন্দ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, কীর্তনের খাবার খাওয়া নিয়ে দুজনের মধ্যে আগে বিরোধ হয়েছিল। বিষয়টি নিয়ে শনিবার স্থানীয়ভাবে বসার কথা ছিল। এর আগেই গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট