চিকিৎসার অভাবে মারা গেলেন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা বিপ্লব

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বিপ্লব হোসেন মারা গেছেন। পরিবারের অভিযোগ, অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে শেষ পর্যন্ত মারা গেছেন গেজেটভুক্ত এই জুলাই যোদ্ধা। তার মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছে স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে থাকা পরিবারটি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে নিজ বাড়িতে মারা যান বিপ্লব।
বিপ্লব হোসেন ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জুলাই গণ-অভ্যুত্থানের গেজেট নম্বর ১১৬৩-ভুক্ত এই যোদ্ধা গত ১২ জুলাই রংপুর শহরে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন। ওই সময় তার শরীরে ছররা গুলি বিদ্ধ হয়। এরপর থেকে শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, তিনি ট্রমাজনিত সমস্যার পাশাপাশি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করতেন বিপ্লব। ঝালমুড়ি বিক্রি করে কোনো রকমে সংসার চালাতেন তিনি। তার আয়ের ওপর নির্ভরশীল ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি।
বিপ্লবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরেছি। টাকা নেই বলে ভালো চিকিৎসা করাতে পারিনি। তিনি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন, সন্তানদের লেখাপড়া করাতেন। এখন আমরা কীভাবে বাঁচব, সন্তানদের ভবিষ্যৎ কী হবে?’
এদিকে শনিবার সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিপ্লবের জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এ সময় তিনি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন ঢাকা থেকে মোবাইল ফোনে পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
এদিকে জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘২০২৪ সালের ১৯ জুলাই অভ্যুত্থান চলাকালে রংপুর শহরের সিটি বাজারে গুলিবিদ্ধ হয়ে আহত জুলাইযোদ্ধা মো. বিপ্লব হোসেনের মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীরভাবে শোকাহত।’







