রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ দেড় বছর বয়সী শিশু আর এস রহমানের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়াল।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।
তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে শিশু আর এস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে একই ঘটনায় শতভাগ দগ্ধ হওয়া সাবা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্য পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।






