কাঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, শতভাগ দগ্ধ সাবা মারা গেছেন

রাজধানীর ধানমন্ডির কাঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ হওয়া সাবা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ সাবার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানসহ আরও চারজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্য পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনের মধ্যে সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অন্যরা হলেন, আবদুর রহমান (২৯), তার শরীরের ৬ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে; সানজিদা (২০), তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে; সামসুন নাহার (৫০), তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, সাবার মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে শিশু রহমানসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।






