গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বাড়ির পেছনে চার ফুট গভীর গর্ত

স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমাতে গিয়েছিলেন ২৩ বছর বয়সি গৃহবধূ নুরুন্নাহার বেগম। মধ্যরাতে তার মৃত্যুর খবর দেওয়া হয় বাবার বাড়িতে। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে স্বজনেরা গিয়ে তার গলায় ফাঁসের দাগ দেখতে পান। এর মধ্যে বাড়ির পেছনে খোঁড়া অবস্থায় প্রায় চার ফুট গভীর একটি গর্তের সন্ধান পাওয়ায় ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুন্নাহার একই ইউনিয়নের উত্তর কেবল নগর খানকান্দি এলাকার আক্কাস মাদবরের মেয়ে। তার স্বামী মোক্তার মাদবর পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে স্বামী মোক্তার মাদবরের সঙ্গে একই শয়নকক্ষে ঘুমাতে যান নুরুন্নাহার। রাত আনুমানিক ১২টার দিকে মোক্তার পাশের কক্ষ থেকে তার ভাবি পারভীন বেগমকে (২৫) ডেকে আনেন। নুরুন্নাহারকে তেল-পানি দেওয়ার কথা বলে তাকে ডেকে আনা হয়। এর কিছুক্ষণ পর নুরুন্নাহারের বাবার বাড়িতে ফোন করে জানানো হয়, তিনি স্ট্রোক করেছেন। খবর পেয়ে স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার গলায় ফাঁসের দাগ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে জাজিরা থানা-পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে নুরুন্নাহারের স্বামীর বাড়ির পেছনে খোঁড়া অবস্থায় প্রায় চার ফুট গভীর একটি গর্ত দেখতে পান স্বজনেরা। গর্তটি কী উদ্দেশ্যে খোঁড়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের স্বজনদের দাবি, মরদেহ মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যে গর্তটি খোঁড়া হয়ে থাকতে পারে। তবে গর্তটি কখন, কে বা কী উদ্দেশ্যে খুঁড়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর ঘটনার সঙ্গে গর্তটির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
খবর পেয়ে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ছয় মাস আগে নুরুন্নাহার ও মোক্তার মাদবরের বিয়ে হয়। তাদের এক মাস আট দিন বয়সি একটি পুত্রসন্তান রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, নুরুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তারা তার স্বামীকে সন্দেহ করছেন। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও দাবি করেছেন স্বজনেরা।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নুরুন্নাহারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।






