স্ত্রীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, ধস্তাধস্তির পর প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত স্ত্রীকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় মো. শহীদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তবে মৃত্যুর সঙ্গে পুলিশের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহীদ ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে আলেয়া বেগম নামে এক নারী মামলা করেন। ওই মামলায় আদালত সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরিবারের দাবি, ঘটনার এক দিন আগে তিনি জামিনে মুক্তি পান। তবে জামিনের কপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।
মামলাটির তদন্তের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাব্বির আসামিকে গ্রেপ্তারের জন্য প্রথমে অভিযান চালান। পরে বুধবার সকাল ১১টার দিকে তিনি আবারও চৌধুরীপাড়া এলাকায় যান। এ সময় সাবেরা খাতুনকে না পেয়ে তার স্বামী শহীদকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে যান পুলিশ সদস্যরা। সেখানে পুলিশের সঙ্গে শহীদের ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের ছোট ভাই অভিযোগ করে বলেন, পুলিশ তার ভাইকে আটক করলে তারা জানান, শহীদ স্ট্রোকের রোগী। তাকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে দেখিয়ে দেওয়ার কথাও বলেন তারা। কিন্তু পুলিশ তাকে না ছাড়ায় একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে তার ভাই মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
নিহতের পুত্রবধূ সোনিয়া আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার শ্বশুরকে পুলিশ হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। তিনি অসুস্থ ছিলেন, তা জানানোর পরও পুলিশ কেন এমন আচরণ করল, সেটাই আমাদের প্রশ্ন। আমরা কার কাছে বিচার চাইব?’
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার জানান, শহীদ নামের এক ব্যক্তিকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহীদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর জানতে পারেন। তবে এ মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


-d972bf.jpg)



