logo

জঙ্গল সলিমপুর নিয়ে ৩৯ ফেসবুক পেজ-আইডিতে অপপ্রচার, গ্রেপ্তার ৬

জঙ্গল সলিমপুর নিয়ে ৩৯ ফেসবুক পেজ-আইডিতে অপপ্রচার, গ্রেপ্তার ৬
গ্রেপ্তার ৬ আসামি। ছবি : পুলিশের সৌজন্যে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে অপপ্রচার এবং সংঘাতে উসকানি দেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলোচিত ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন এবং তার প্রধান সহযোগী আব্দুর শুক্কুর।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

Advertisement

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেতৃত্বাধীন নেটওয়ার্কের সদস্য। তাদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, ক্যাম্পের পানিতে বিষ মেশানোর চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনবিরোধী অপপ্রচারের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, তার প্রধান সহযোগী আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। জব্দ করা মোবাইল ফোনগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করে অপপ্রচারের কাজে ব্যবহৃত ৩৯টি ফেসবুক পেজ ও আইডি শনাক্ত করেছে পুলিশ।

শনাক্ত করা পেজ ও আইডিগুলোর মধ্যে রয়েছে—‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’, ‘জঙ্গল সলিমপুর নিউজ ২৪’, ‘জঙ্গল সলিমপুর মিডিয়া সেল’, ‘নাগরিকবার্তা ২৪’, ‘জাগ্রত আলী নগর’ ও ‘জনগণের নেতা’। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির নাম ও ছদ্মনামে খোলা একাধিক ভুয়া অ্যাকাউন্টও রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মেহেদী, সাকিবুল ও আনোয়ার সম্পর্কে ইয়াসিনের আপন ভাগনে। আব্দুর শুক্কুর ইয়াসিনের প্রধান সহযোগী হিসেবে অবৈধ জমি কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। মেহেদী ও সাকিবুল ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। অন্যদিকে, আনোয়ার বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা চালাতেন। পারভেজও এই চক্রের সক্রিয় সদস্য।

তিনি আরও বলেন, ইয়াসিনের নির্দেশনায় চক্রটি মাঠপর্যায়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সাইবার জগতেও সক্রিয় ছিল। ফেসবুক পেজ, ভুয়া আইডি ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হতো। এ কাজে অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের প্রচার বাড়াতে ‘পেইড বুস্টিং’ও করা হতো।

চট্টগ্রাম জেলা পুলিশ জানান, জঙ্গল সলিমপুরে সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা, ভূমি দখল প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ওই এলাকায় ছয়টি নতুন রাস্তা নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালিয়ে রাষ্ট্রের আইনানুগ কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে গুজবে কান না দিয়ে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট