logo

খুলনায় ফের দুজনকে গুলি

খুলনায় ফের দুজনকে গুলি
খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ছবি: এশিয়া পোস্ট

খুলনায় ফের দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সোলায়মান ও খালেক একটি ভ্যানে করে বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মাস্ক পরা দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে সোলায়মানের ডান পায়ের গোড়ালিতে এবং খালেকের বাঁ হাতে গুলি লাগে।

Advertisement

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যানে করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন মাস্ক পরা দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কী কারণে এ হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর তাদের সঙ্গে কথা বলে পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানা যাবে।