logo

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন গহিন বনে কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ প্রদর্শনকালে কোস্ট গার্ডের সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Advertisement

দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনীগুলো নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামক বিশেষ অভিযান দুটি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন গহিন বনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্টগার্ড বেস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের যৌথ দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বনের গহিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ডাকাতদলকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা, সকলের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে বনদস্যুমুক্ত করা সম্ভব হবে বলে কোস্টগার্ড আশাবাদী।