সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, ২৮ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগের মধ্যে খুলনার কয়রায় কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
রোববার (১৫ নভেম্বর) সকালে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে কয়রা কাশিয়াবাদ স্টেশনের বজবজা বন টহল ফাঁড়ির ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করা হয়। পরে জব্দ করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা বন টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ২২ অক্টোবর সুন্দরবনসংলগ্ন কয়রার গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করে কোস্টগার্ড। ওই অভিযানেও কাউকে আটক করার তথ্য জানানো হয়নি।
বনসংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুন্দরবনে দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও বন্যপ্রাণী নিধন চললেও অধিকাংশ ঘটনায় শিকারিদের আটক কিংবা অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ক্ষেত্রে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে অভিযান পরিচালিত হলেও শিকারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তাদের প্রশ্ন, সুন্দরবনে নিয়মিত হরিণ শিকারের ঘটনা ঘটলে শিকারি চক্রের সদস্যরা বারবার ধরাছোঁয়ার বাইরে থাকছেন কেন?
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান জোরদার করা প্রয়োজন। শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, পরিকল্পিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং শিকারি চক্রের মদদদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় হরিণ শিকার ও পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


