logo

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত হরিণ উদ্ধার

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত হরিণ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে শিকারির ফাঁদ থেকে জীবিত চিত্রা হরিণ উদ্ধার। ছবি : এশিয়া পোস্ট

সুন্দরবনের শিকারির পাতা ফাঁদে আটকে পড়া একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুরে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন হারবাড়িয়া।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, সুন্দরবনের ওই এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে শিকারিরা ফাঁদ পেতে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়ার একটি দল অভিযান চালায়। এ সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর বিকেল ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।