জামালপুরে আওয়ামী লীগের মিছিল, ৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জামালপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৭২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) জামালপুর সদর থানায় মামলাটি করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহাল এবং তাঁর দেশে ফেরাকে স্বাগত জানিয়ে আয়োজিত ওই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে, ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড, দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।
পরে মিছিল শেষে তা তমালতলা মোড়ের প্রধান সড়কে পৌঁছালে, মামলার বাদী ও সাক্ষীরা স্থানীয়দের সাথে ধাওয়া দিলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র ফেলে চলে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।
মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন বলেন, আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে মামলা দায়ের করেছি এবং আগামীকাল আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ প্রসঙ্গে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এ ঘটনার ৫ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।
