logo

বরগুনায় যুবলীগ-কৃষক লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বরগুনায় যুবলীগ-কৃষক লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
রুহুল আমিন, কবিরুর রহমান কবির ও আরিফ হোসেন মোল্লা। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বরগুনায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও কৃষক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের খাড়াকান্দাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আরিফ হোসেন মোল্লা। জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ও জেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও বরগুনা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার কবিরুর রহমান কবির।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৩০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় বরগুনা সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ওই মামলায় আরিফ হোসেন মোল্লা ও রুহুল আমিন এজাহারভুক্ত আসামি। এ ছাড়া সাবেক কমিশনার কবিরুর রহমান কবিরের নাম মামলার তদন্তে এসেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।