খুলনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

খুলনার ডুমুরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৮) ও তার স্ত্রী হান্না সরকার (৪৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ডুমুরিয়ার গোলনা রাহাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
এতে স্বপন কুমার রায়ের শরীর থেঁতলে যায়। অন্যদিকে হান্না সরকার মাথা ও বুকে গুরুতর আঘাত পান। দুর্ঘটনাস্থলেই স্বপন কুমার রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত হান্না সরকারকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দম্পতির স্বজন শিমমন সরকার জানান, স্বপন কুমার রায় তার শ্বশুর এবং হান্না সরকার শাশুড়ি। তারা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, দুজনের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত একটি বাস ঘটনাস্থলে রয়েছে।





