বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ২ ইউপি সদস্য নিহত

বগুড়ায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দরগাহাট-নামুজা সড়কের পাইকড় পাঞ্জুয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। তাদের দুজনেরই বয়স ৭০ বছর।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই ইউপি সদস্য মোটরসাইকেলে করে পাইকড় থেকে দরগাহাটের দিকে যাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে পাঞ্জুয়ারপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
