মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট স্কুলশিক্ষক

বরগুনার বামনা উপজেলায় মেয়েকে বাঁচাতে গিয়ে ইট-বালুবাহী টমটমের চাকায় পিষ্ট হয়ে আসমা বেগম (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় টমটমচালককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পাশে বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম বামনা উপজেলার গুদিঘাটা এলাকার মন্নান মিয়ার মেয়ে। তিনি উপজেলার ডৌয়াতলা এলাকার গাজী প্রিক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট মেয়েকে কোলে নিয়ে সড়ক পার হচ্ছিলেন আসমা বেগম। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা টমটমটির একটি চাকায় আগুন ধরিয়ে দেন এবং চালক জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং টমটমচালক মো. জাহিদকে আটক করে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমটমচালককে আটক করে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত আসমা স্কুলশিক্ষক হওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা নেওয়া হবে।

