logo

স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিল ওমর, অটোরিকশার ধাক্কায় গেল প্রাণ

স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিল ওমর, অটোরিকশার ধাক্কায় গেল প্রাণ
ওমর ফারুক। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

প্রতিদিনের মতো রোববার সকালে স্কুলে গিয়েছিল আট বছরের ওমর ফারুক। ক্লাস শেষে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ হারায় শিশুটি।

রোববার (১৫ নভেম্বর) সকালে নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির শিক্ষার্থী। সে ডোমার উপজেলার চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল পরিবারের ছোট সন্তান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার পর রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা ওমর ফারুককে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সময় তিনি বিদ্যালয়ের ভেতরে ছিলেন। বাইরে মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে জানতে পারেন, তার বিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট