ভিটামিন সি জাতীয় খাবার

ভিটামিন সি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এটি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ত্বক, হাড় ও দাঁতের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেহকে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে। বিশেষ করে চোখের লেন্স, কোষের ভেতরকার নিউক্লিয়াস, ত্বক ও হাড়ের কোলাজেনকে সুরক্ষা দেয় ভিটামিন সি।
এটি শরীরে আয়রন শোষণে সাহায্য করে ও ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে কোষকে সুরক্ষা দেয়। ভিটামিন সি শরীরের ক্ষত নিরাময়েও সাহায্য করে। অনেকেই ভিটামিন সি-এর উৎস হিসেবে কমলা লেবুকে চিনলেও পরিচিত আরও বেশকিছু ফল, শাকসবজি ও কাঁচামরিচে যে ভিটামিন সি আছে তা হয়তো জানেন না। প্রতিদিনের খাবার তালিকায় এগুলো রাখলে শরীরের ভিটামিন সি-এর চাহিদা পূরণে সহায়তা করে।
ভিটামিন সি সমৃদ্ধ ১০ খাবার
পেয়ারা
ভিটামিন সি-এর অন্যতম ভালো উৎস পেয়ারা। একটি মাঝারি আকারের পেয়ারায় প্রায় ১২৫ মিলিগ্রাম ভিটামিন সি থাকতে পারে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। তাই নিয়মিত ফলের তালিকায় পেয়ারা রাখা যেতে পারে।

কাঁচামরিচ
আমাদের প্রতিদিনের খাবারে ব্যবহৃত কাঁচামরিচেও প্রচুর ভিটামিন সি আছে। একটি কাঁচা মরিচে প্রায় ১০৯ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি থাকতে পারে। তবে মরিচ রান্না করলে তাপের কারণে এর ভিটামিন সি-এর পরিমাণ কমে যেতে পারে।
লেবু
লেবু ভিটামিন সি-এর সবচেয়ে পরিচিত উৎস। একটি আস্ত লেবুতে প্রায় ৪৫ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। লেবুর রস পানীয়, সালাদ বা খাবারের সঙ্গে খাওয়া যায়।
পেঁপে
পেঁপেতে ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে। এক কাপ পেঁপেতে প্রায় ৮৮ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। এ ছাড়া এতে প্যাপেইন নামের একটি এনজাইম আছে, যা হজমে সহায়তা করে।

কমলা ও মালটা
ভিটামিন সি-এর কথা বললে প্রথমেই আসে কমলা ও মালটার নাম। একটি মাঝারি কমলায় প্রায় ৭০ মিলিগ্রাম ভিটামিন সি থাকতে পারে। এসব ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দিতেও সাহায্য করে।
আনারস
আনারসেও ভালো পরিমাণে ভিটামিন সি আছে। এক কাপ কাটা আনারসে প্রায় ৭৯ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। এতে ব্রোমেলাইন নামের একটি প্রাকৃতিক এনজাইম থাকে, যা প্রোটিন হজমে সহায়তা করে।
ব্রকলি
ব্রকলি ভিটামিন সি সমৃদ্ধ একটি সবজি। এক কাপ কাঁচা কাটা ব্রকলিতে প্রায় ৮১ মিলিগ্রাম ভিটামিন সি থাকতে পারে। এতে ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদানও থাকে।

স্ট্রবেরি
স্ট্রবেরিতে ভিটামিন সি-এর পাশাপাশি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এক কাপ স্ট্রবেরিতে প্রায় ৯৮ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া সম্ভব। এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে।
টমেটো
টমেটো থেকেও ভিটামিন সি পাওয়া যায়। এ ছাড়া টমেটোতে লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট আছে।
আম
আমে ভিটামিন সি-এর পাশাপাশি ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে। এক কাপ কাটা আমে প্রায় ৬০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। তবে আমে প্রাকৃতিক চিনির পরিমাণও তুলনামূলক বেশি থাকায় পরিমিত খাওয়া ভালো।

প্রতিদিন কতটুকু ভিটামিন সি প্রয়োজন?
প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিদিন প্রায় ৯০ মিলিগ্রাম আর নারীদের ৭৫ মিলিগ্রাম ভিটামিন সি প্রয়োজন। তবে গর্ভাবস্থা, স্তন্যদান ও ধূমপানের মতো কিছু ক্ষেত্রে চাহিদা ভিন্ন হতে পারে।
সাধারণত সুষম খাদ্যতালিকা থেকে শরীরের প্রয়োজনীয় ভিটামিন সি পাওয়া সম্ভব। তবে সবজি অতিরিক্ত সময় ধরে রান্না করবেন না। ভিটামিন সি ভালোভাবে পেতে সেদ্ধ করার পরিবর্তে ভাপে রান্না করতে পারেন। আর ফল কাটার পর দীর্ঘ সময় খোলা অবস্থায় ফেলে রাখবেন না।
সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পেয়ারা, কলা, লেবু, কাঁচামরিচ, পেঁপে, কমলা ও অন্যান্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখতে পারেন। সবুজ পাতা গোত্রের প্রায় সব সবজি ও শাকেও পাওয়া যাবে এই ভিটামিন। এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব।
