logo

ফাঁদ পেতে বিড়াল হত্যা, দোকানিকে ব্যতিক্রমী শাস্তি

ফাঁদ পেতে বিড়াল হত্যা, দোকানিকে ব্যতিক্রমী শাস্তি
কুকুর ও বিড়াল। ছবি: আনন্দ বাজার

দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ার অভিযোগে ফাঁদ পেতে গলায় দড়ি পেঁচিয়ে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত দোকানিকে আগামী ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার ব্যতিক্রমী সাজা দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় এক প্রাণিপ্রেমী যুবক। এর আগে শনিবার রাতে উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দোকানির নাম সারোয়ার হোসেন। তিনি বলগাড়ি বাজারের একজন বেকারি দোকানি। আর বিচারপ্রার্থী যুবকের নাম মেহেদী হাসান ইমু।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বেকারি দোকানি সারোয়ার হোসেন তার দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে ফাঁদে আটকা পড়ে একটি মা বিড়াল। শনিবার সকালে বিড়ালটিকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করা হয় এবং মরদেহ দোকানের সামনে ফেলে রাখা হয়। নিহত বিড়ালটির দুটি ছোট ছানা রয়েছে। মায়ের মৃত্যুর পর ছানা দুটি অসহায় হয়ে পড়ে।

প্রাণিপ্রেমী মেহেদী হাসান ইমু জানান, বিড়ালটি ওই দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুটসহ বিভিন্ন খাবার খেয়ে ফেলেছিল। খাবারের সন্ধানে দোকানে ঢোকার অপরাধে একটি প্রাণীকে নির্মমভাবে হত্যার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তাই ঘটনার প্রতিকার চেয়ে তিনি প্রশাসনের কাছে যান।

অভিযোগের মুখে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন দোকানি সারোয়ার হোসেন। তার দাবি, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ থাকার পর রাতে বিড়ালটি দোকানে ঢুকে বিস্কুটসহ নানা খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। নিজের আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে মুচলেকা দেন তিনি।

ঘটনার বিষয়ে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন।

তিনি আরও বলেন, শাস্তি হিসেবে তাকে আগামী ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।