logo

ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক, করলেন বিয়ে

ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক, করলেন বিয়ে
রাজবাড়ীর গোয়ালন্দে চীনা নাগরিক জ্যাকি চেউং ও তার স্ত্রী নার্গিস আক্তার। ছবি : এশিয়া পোস্ট

পরিবারের পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর ভালোবাসা। সেই ভালোবাসার টানেই চীন থেকে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজবাড়ীতে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারের সঙ্গে। ভিনদেশি যুবকের সঙ্গে স্থানীয় তরুণীর এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতিকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে গত ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

জানা যায়, জ্যাকি ও নার্গিসের পরিচয়ের সূত্রপাত নার্গিসের ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। সিরাজুল ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন, যেখানে জ্যাকিও কর্মরত ছিলেন। সেই সুবাদে দুজনের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে।

একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহের কথা সিরাজুলকে জানান। পরে তিনি বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন। এরপর থেকেই দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। কথাবার্তা ও জানাশোনার ধারাবাহিকতায় একসময় ভালো লাগা তৈরি হয়, যা ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। সেই সম্পর্কের পরিণতি দিতেই চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি এবং দুই পরিবারের সম্মতিতে নতুন জীবন শুরু করেন।