অনন্ত জলিলকে নিয়ে যা বললেন ওমর সানী

চিত্রনায়ক অনন্ত জলিলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে এবার নিজের মতামত জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। অনন্ত জলিলের প্রতি আস্থা প্রকাশ করে তিনি মনে করেন, সাম্প্রতিক পরিস্থিতি সহজেই সামলে নিতে পারবেন এই অভিনেতা।
রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে ‘আমার কিছু কথা এবং অনন্ত জলিল’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন ওমর সানী। সেখানে ব্যক্তিগত জীবন, অভিনয় ও ব্যবসার পাশাপাশি অনন্ত জলিলকে নিয়েও কথা বলেন তিনি।
ভিডিওতে অনন্ত জলিল প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘অনন্ত জলিলের সঙ্গে যতটুকু মিশেছি, দেখেছি তিনি ভালো মনের মানুষ এবং খুব ভালো একজন ফাইটার। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা তার কাছে খুব বড় কোনো ব্যাপার নয়। তিনি বিষয়টি সামলে ফেলবেন।’
চলমান আলোচনা নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে এই অভিনেতা বলেন, অনন্ত জলিলকে নিয়ে এত আলোচনা করে তাকে ছোট করার কোনো অর্থ নেই। আবার অযথা বড় করে দেখানোরও প্রয়োজন নেই। তার বিশ্বাস, অনন্ত জলিল খুব সংক্ষেপেই বিষয়টির সমাধান করতে পারবেন।
অনন্ত জলিলকে উদ্দেশ করে ওমর সানী আরও বলেন, ‘হয়তো এ ধরনের গসিপ না হলে আরও ভালো হতো। যেহেতু বিষয়টি হয়েই গেছে, আপনি সংক্ষেপে সমাধান করে ফেলবেন। এটি বাস্তব। অল দ্য বেস্ট। আপনার স্ত্রীকে আমি ছোট বোনের মতো জানি এবং খুব ভালো জানি। আপনি খুব ভালো একজন মানুষ, এটি আমি বিশ্বাস করি।’
ভিডিওতে নিজের পেশাগত ব্যস্ততা ও ব্যবসা নিয়েও কথা বলেন ওমর সানী। অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবসা পরিচালনা করছেন বলে জানান তিনি। হেমায়েতপুরে নিজের রেস্টুরেন্টে যাতায়াতের পথে প্রায়ই অনন্ত জলিলের গার্মেন্টসের পাশ দিয়ে যান বলেও উল্লেখ করেন এই অভিনেতা।
রেস্টুরেন্টে বসে ব্যবসা পরিচালনা করা নিয়ে যারা সমালোচনা করেন, তাদের কথারও জবাব দিয়েছেন ওমর সানী। নিজের ব্যবসার ধরন বোঝাতে তিনি বলেন, ভাত, রুটি, পরোটা, পেঁয়াজ, লবণ ও আদার ব্যবসা করেন তিনি। পাশাপাশি ভালো চরিত্র পেলে অভিনয়ও করবেন। অভিনয়কে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তার ভাষায়, অভিনয় তার কাছে ইনসুলিনের মতো, যা তাকে নিতেই হবে।
এ ছাড়া ফুটবল খেলা দেখতে আমন্ত্রণ কিংবা কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব পেলে যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেন বলে জানান তিনি। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে ভালো আছেন উল্লেখ করে ওমর সানী বলেন, ভালো থাকাটাই তার কাছে জীবনের অন্যতম আনন্দ।