ভোলায় নতুন কূপে গ্যাসের সন্ধান, উৎপাদনের সম্ভাবনা ২২ মিলিয়ন ঘনফুট

দেশে যখন গ্যাসের সংকট, তখন নতুন সম্ভাবনার খবর দিচ্ছে দ্বীপজেলা ভোলা। জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ভোলা নর্থ-৩ নামের একটি নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে উৎপাদন সক্ষমতা ও মজুতের পরিমাণ নিশ্চিত হতে আরও পরীক্ষা বাকি।
ভোলায় একের পর এক গ্যাসের সন্ধান মিললেও এই সম্পদের সুফল পুরোপুরি পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ভোলার গ্যাস কাজে লাগিয়ে জেলায় শিল্পকারখানা, সার কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বদলাবে অর্থনীতির চিত্র।
১৯৯৫ সালে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের মধ্য দিয়ে ভোলায় গ্যাস অনুসন্ধানের যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলায় আরও দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। তিনটি গ্যাসক্ষেত্রে খনন করা হয় মোট ৯টি কূপ। সবশেষ গত ৯ সেপ্টেম্বর পশ্চিম ইলিশার জাঙ্গালিয়া গ্রামে শুরু হয় ভোলা নর্থ-৩ কূপের খননকাজ। এটি জেলায় খনন করা দশম গ্যাসকূপ।
বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক (উৎপাদন বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, চীনা প্রতিষ্ঠান সিনোপেকের মাধ্যমে খনন করা কূপটির গভীরতা ৩ হাজার ৫২৬ মিটার। খননকালে তিনটি সম্ভাবনাময় স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপর গত ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন সম্পন্ন করা হয়। সব প্রস্তুতি শেষে ১৫ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে শুরু হয় প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি)। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলও সন্তোষজনক পাওয়া গেছে।
প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেলেও এখনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি। কূপটির তিনটি সম্ভাবনাময় স্তরে পর্যায়ক্রমে পরীক্ষা চালানো হবে। গ্যাসের প্রবাহ ও চাপ যাচাইয়ের পর প্রকৃত উৎপাদন সক্ষমতা ও মজুতের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শুধু নতুন এই কূপ নয়, ভোলার বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতেও রয়েছে বিপুল সম্ভাবনা। বাপেক্সের তথ্য অনুযায়ী, আগের ৯টি কূপে অবশিষ্ট গ্যাসের মজুত রয়েছে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট। এসব কূপের বর্তমান উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট। তবে বাস্তবে উত্তোলন হচ্ছে দৈনিক প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকেই বর্তমানে উত্তোলন হচ্ছে দৈনিক প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
এদিকে ভোলায় চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পের আওতায় নতুন করে অনুসন্ধান চলছে। বাপেক্সের প্রত্যাশা, এসব কূপে পরিকল্পনা অনুযায়ী গ্যাস পাওয়া গেলে দৈনিক উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। সে ক্ষেত্রে বিদ্যমান সক্ষমতা ১৮২ মিলিয়ন থেকে বেড়ে ২৮২ মিলিয়ন ঘনফুটে দাঁড়াতে পারে।
ভোলায় নতুন নতুন গ্যাসের সন্ধান স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাদের প্রত্যাশা, এই প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে জেলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, কমবে বেকারত্ব এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমীন বলেন, ভোলায় একের পর এক গ্যাসকূপের সন্ধান মিলছে। মাটির নিচে থাকা এই বিপুল প্রাকৃতিক সম্পদ ভোলাসহ পুরো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অথচ গ্যাসের এত বড় সম্ভাবনা থাকা সত্ত্বেও ভোলার মানুষ এখনো এর প্রকৃত সুফল পাচ্ছেন না।
রুহুল আমীন আরও বলেন, আমাদের দাবি, ভোলার গ্যাস দিয়ে প্রথমে ভোলার উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই গ্যাস কাজে লাগিয়ে এখানে শিল্পকারখানা, সার কারখানা ও নতুন নতুন কলকারখানা গড়ে তুলতে হবে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতির চাকা সচল হবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।
তিনি বলেন, আমরা চাই, ভোলার গ্যাস দিয়ে ভোলার অর্থনৈতিক মুক্তি ও শিল্পায়ন নিশ্চিত করা হোক। ভোলার উন্নয়নের স্বার্থ নিশ্চিত করার পরই এই গ্যাস অন্যত্র নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক। ভোলার সম্পদে আগে ভোলার মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।
ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন, ভোলার গ্যাস শুধু জেলার সম্পদ নয়, এটি সমগ্র বাংলাদেশের জাতীয় সম্পদ। তাই এই সম্পদ জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে। তবে গ্যাস উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে সবার আগে ভোলার স্বার্থ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভোলার মানুষের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে জাতীয় পর্যায়ে এই গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই।
১৯৯৫ সালে বাপেক্স ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ২০০৯ সালে সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। এরপর ২০১৮ সালে ভোলা নর্থ গ্যাসক্ষেত্র এবং ২০২৩ সালে ভোলা সদর উপজেলার ইলিশায় আরেকটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ইলিশার গ্যাসক্ষেত্রটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।
