নেদারল্যান্ডসের কাছেও হার বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু। এরপর জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই জয়ের ছন্দ ধরে রাখতে পারল না লাল-সবুজের মেয়েরা। এবার নেদারল্যান্ডসের কাছেও হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দিলারা আক্তারের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েও স্টারে কালিসের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে হার মানতে হয়েছে বাংলাদেশকে। নারী ইমার্জিং নেশনস ট্রফিতে তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার।
সোমবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানের কারওয়ান ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেটে ১৩১ রান তুলে জয় নিশ্চিত করে ডাচরা।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ৭৬ রানেই ৫ উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৪ রান। বাংলাদেশও ম্যাচে ভালোভাবেই টিকে ছিল। কিন্তু ষষ্ঠ উইকেটে স্টারে কালিস ও ফ্রেডেরিক ওভারডিকের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের কাছ থেকে।
ডাচদের জয়ের নায়ক কালিস ৫০ বলে ৮টি চারে ৬৮ রান করে অপরাজিত থাকেন। ১১ বলে ১২ রান নিয়ে তার সঙ্গী ছিলেন ওভারডিক। শেষ ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ৭ রান। জান্নাতুল ফেরদৌসের প্রথম বলটি ডট হওয়ার পর টানা দুই বলে দুটি করে রান নেন কালিস। এরপর চতুর্থ বলে চার মেরে দুই বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সাথী রানি। ৪ বলে মাত্র ২ রান করা এই ব্যাটারকে ফেরান হিদার সিগার্স। শুরুতেই উইকেট হারানোর পর শারমিন আক্তারকে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন দিলারা আক্তার।
দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ৪৪ রান। তবে ২২ বলে ১৯ রান করে হান্না ল্যান্ডহিয়ারের বলে আউট হন শারমিন। তখন বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। এরপর নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে আরও কিছুটা এগিয়ে যান দিলারা।
এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন দিলারা। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলা এই ব্যাটার টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫১ রান করে আউট হন তিনি। দলের সংগ্রহ তখন ৩ উইকেটে ৯৩ রান।
দিলারা ফেরার পর বড় ইনিংস খেলতে পারেননি আর কেউ। নিগার সুলতানা জ্যোতি ২২ বলে ২০ রান করে বিদায় নেন। এরপর স্বর্ণা আক্তারের ব্যাটে কিছুটা গতি পায় বাংলাদেশের ইনিংস। ১৩ বলে ২টি চারে ১৯ রান করেন তিনি।
তবে শেষদিকে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ১৯ ওভার শেষে ৫ উইকেটে ১২৪ রান ছিল দলের। শেষ ওভারে মাত্র ৫ রান যোগ করতে গিয়ে আরও ৩ উইকেট হারায় তারা। সিগার্সের ওই ওভারে ফিরে যান স্বর্ণা আক্তার, রাবেয়া খান ও ঋতু মনি।
এর মধ্যে রাবেয়া ও ঋতু কেউই রানের খাতা খুলতে পারেননি। সোবহানা মোস্তারি করেন ৯ বলে ৬ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
নেদারল্যান্ডসের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সিগার্স। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এর মধ্যে ৩ উইকেটই আসে ইনিংসের শেষ ওভারে। হান্না ল্যান্ডহিয়ার নেন ২ উইকেট। একটি করে উইকেট পান কারলাইন ফন কুলভেইক ও আইরিস জুইলিং।
লক্ষ্য তাড়ায় নেদারল্যান্ডসের শুরুটাও খুব একটা ভালো হয়নি। দলীয় ১১ রানে হিদার সিগার্সকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। এরপর অধিনায়ক বাবেত দে লিডেকে সাজঘরে পাঠান রাবেয়া খান। ২৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা।
সেখান থেকে স্টারে কালিসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফিবে মোলকেনবোর। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ৪১ রান। তবে ২৪ বলে ২০ রান করা মোলকেনবোরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া। পরের ওভারেই ১ রান করা রবিনে রাইকে রানআউট হলে আরও চাপে পড়ে নেদারল্যান্ডস।
এরপর ১৩তম ওভারের পঞ্চম বলে আইরিস জুইলিংকে ৩ রানে ফেরান ঋতু মনি। ১৩ ওভার ৫ বলে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে তখন ম্যাচে পিছিয়ে পড়ে ডাচরা। বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয় জয় ছিনিয়ে নেওয়ার।
কিন্তু সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এক প্রান্ত আগলে রাখা কালিস ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন। বিশেষ করে ১৫তম ওভারে জান্নাতুল ফেরদৌসের প্রথম দুই বলেই দুটি চার মেরে চাপ কমিয়ে দেন তিনি। পরের ওভারেও সানজিদার বলে দুটি বাউন্ডারি তুলে নেন ডাচ ব্যাটার।
১৭তম ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১০৭ রান। এরপর বাকি তিন ওভারে প্রয়োজন ছিল ২৩ রান। রাবেয়া ও দিশা বিশ্বাসের পরের দুই ওভারে ১৬ রান তুলে শেষ ওভারের সমীকরণ আরও সহজ করে ফেলেন কালিস ও ওভারডিক। শেষ পর্যন্ত কালিসের ব্যাটেই আসে জয়সূচক বাউন্ডারি।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন রাবেয়া খান। সানজিদা আক্তার মেঘলা ও ঋতু মনি একটি করে উইকেট পান। তবে শেষ ছয় ওভারে আর কোনো উইকেট তুলে নিতে না পারায় জয় হাতছাড়া হয় বাংলাদেশের।
টুর্নামেন্টের শুরু থেকেই অবশ্য ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারার পর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল তারা। সেই ম্যাচে দিলারার অপরাজিত ৬৮ রানের পাশাপাশি রাবেয়া খানের দুর্দান্ত বোলিং বড় ভূমিকা রেখেছিল। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে দিলারা আবারও ফিফটি পেলেও এবার তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
তিন ম্যাচ শেষে একটি জয় ও দুটি হার নিয়ে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের অবস্থান এখন চাপের মুখে। পাঁচ দলের গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্সে। ফলে শেষ ম্যাচের ফলাফলের গুরুত্ব বেড়ে গেছে।
আগামী বুধবার (১৮ নভেম্বর) আজমানের সেভেন ডিস্ট্রিক্টস স্পোর্টস ক্লাব মাঠে থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সুপার সিক্সের আশা টিকিয়ে রাখতে সেই ম্যাচে জয় তুলে নেওয়াই এখন লাল-সবুজের মেয়েদের প্রধান লক্ষ্য।

-890a81.webp)