logo

দিলারার ঝোড়ো ফিফটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

দিলারার ঝোড়ো ফিফটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
সাথী-দিলারার জুটি বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যায়। ছবি: গেটি ইমেজ

পাকিস্তানের বিপক্ষে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে এক দিনের ব্যবধানেই বদলে গেল মাঠের চিত্র। এবার ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ের পর দিলারা আক্তার ও সাথী রানির রেকর্ড গড়া উদ্বোধনী জুটিতে আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে প্রথম জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানের সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৭ ওভার ৩ বলে মাত্র এক উইকেট হারিয়ে ১৩২ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। হাতে তখনো ১৫ বল বাকি।

জয়ের ভিত গড়ে দেন বাংলাদেশের বোলাররা। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়েকে চাপে রাখেন তারা। দলীয় ৩৪ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে আফ্রিকার দলটি।

জিম্বাবুয়ের দুই ওপেনার কেলিস এনডলোভু ও বিলাভড বিজাকে ফিরিয়ে দেন রাবেয়া খান। এনডলোভু করেন ২২ এবং বিজা ১২ রান। অন্যদিকে শার্ন মেয়ার্সকে শূন্য রানে ফেরান রিতু মনি।

শুরুর ধাক্কা সামলে জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দেন চিপো মুগেরি-তিরিপানো ও জোসেফিন এনকোমো। চতুর্থ উইকেটে দুজনের ৭১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আফ্রিকার দলটি।

মুগেরি ৩০ বলে দুটি চার ও একটি ছক্কায় দলের সর্বোচ্চ ৪০ রান করেন। অধিনায়ক এনকোমোর ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৫ রান।

তবে গুরুত্বপূর্ণ সময়ে দুজনকেই ফিরিয়ে দেন দিশা বিশ্বাস। ১৮তম ওভারে এনকোমোকে এলবিডব্লিউ করার পর একই ওভারে মুগেরিকে বোল্ড করেন এই পেসার। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা অনেকটাই কমে যায় জিম্বাবুয়ের।

চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে তিন উইকেট নেন রাবেয়া। সমান চার ওভারে মাত্র ১৩ রান খরচায় দুটি উইকেট পান দিশা। রিতু মনি একটি উইকেট শিকার করেন।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি নিয়মিত বাউন্ডারি তুলে দ্রুত রান বাড়াতে থাকেন। বিশেষ করে দিলারা ছিলেন আক্রমণাত্মক মেজাজে।

অন্য প্রান্তে কিছুটা ধরে খেললেও সুযোগ পেলেই বাউন্ডারি আদায় করে নেন সাথী। দুজনের দারুণ বোঝাপড়ায় দ্রুত একশ রানের কাছে পৌঁছে যায় বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতেই ১০৪ রান যোগ করেন দিলারা ও সাথী। তাতেই গড়েন নতুন রেকর্ড। বাংলাদেশের নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

এর আগে রেকর্ডটি ছিল সোবহানা মোস্তারি ও দিলারার দখলে। দুজনের উদ্বোধনী জুটিতে এসেছিল ১০৩ রান। এবার নিজের পুরোনো রেকর্ড নতুন সঙ্গীকে নিয়ে ভেঙে দিলেন দিলারা।

ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে ভাঙে এই ঐতিহাসিক জুটি। মিশেল মাভুঙ্গার বলে ক্রিস্টিন মুতাসার হাতে ক্যাচ দেন সাথী। ৪৩ বলে ছয়টি চার মেরে ৪৫ রান করেন তিনি।

তবে সঙ্গী হারালেও থামেননি দিলারা। নিজের ফিফটি পূর্ণ করার পর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন তিনি।

৪৯ বলে আটটি চারে ক্যারিয়ারসেরা ৬৮ রান করে অপরাজিত থাকেন দিলারা। তার ইনিংসে ছিল না কোনো ছক্কা। তবু প্রায় ১৩৯ স্ট্রাইক রেটে রান তুলে জিম্বাবুয়ের বোলারদের চাপে রাখেন তিনি।

অন্যদিকে শারমিন ১৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের পক্ষে একমাত্র উইকেটটি নেন মাভুঙ্গা। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হন দিলারা।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। সেদিন ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৮ রান তুলতে পেরেছিল দলটি। পাকিস্তান সেই লক্ষ্য পেরিয়ে যায় ১৫ ওভার ৫ বলে।

গ্রুপ 'বি'-তে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী সোমবার (১৬ নভেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট