logo

সংরক্ষিত নয়, সরাসরি ভোটে ১০০ আসনে নারী নির্বাচনের প্রস্তাব স্পিকারের

সংরক্ষিত নয়, সরাসরি ভোটে ১০০ আসনে নারী নির্বাচনের প্রস্তাব স্পিকারের
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি : এশিয়া পোস্ট

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে জাতীয় সংসদে ১০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই।

নারীশিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ চালুর বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন।

বিদ্যালয়ের মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা স্মরণ করে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশেষ করে অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা শিক্ষার্থীদের সহযোগিতা করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বিলকিস আক্তার জাহান শিরীন। এতে সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দুই দিনব্যাপী শতবর্ষপূর্তি আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।