logo

কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
কাতারের বাংলাদেশ হাইস্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ৭ নভেম্বরের অনুষ্ঠান। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা তুলে ধরতে এমন আয়োজন বলে জানান, সংশ্লিষ্টরা।

দুই পর্বের অনুষ্ঠানে ইতিহাসচর্চা, আলোচনা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইন। অনুষ্ঠানের প্রথম পর্বের কর্মসূচিতে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরকার ইশতিয়াক আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদ। মুখ্য আলোচক ছিলেন নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্যের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসের মাটিতে এমন আয়োজনকে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের ইতিহাস, জাতীয় চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি সুন্দর প্রয়াস বলে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গভর্নিং বডির সদস্য এ,কে,এম, আমিনুল হক।